কুষ্টিয়ার ভেড়ামারায় মৎস্য সুরক্ষায় অভিযান: ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, জরিমানা
জাহাঙ্গীর খাঁন // কুষ্টিয়ার ভেড়ামারায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দসহ ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজ রবিবার উপজেলা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। অভিযানকালে বাজারের একটি দোকান থেকে ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ধারা-৫ অনুযায়ী সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীকে ২০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। জব্দকৃত নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছগুলো পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভেড়ামারা থানার এসআই নাইমুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।।